মেয়র আব্বাসের বিরুদ্ধে ১২ কাউন্সিলরের অনাস্থা, জেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে অবমাননাকর মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগনেতা আব্বাস আলীর অপসারণ দাবি করেছেন কাউন্সিলররা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ভবনের সভা কক্ষে কাউন্সিলরদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে মেয়র পদ থেকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনেন নারী কাউন্সিলর হোসনে আরা। পরে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব পাস হয়।
গতকাল শুক্রবার সকালে পৌরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্ড কাউন্সিলররা জানান, বৃহস্পতিবার রাতে কাউন্সিলরদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মেয়র আব্বাসকে অপসারণে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। মেয়রকে অপসারণের জন্য রাত পৌনে ১১টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে তাঁর হাতে ১২ জন কাউন্সিলরের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব হস্তান্তর করা হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল জানান, কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে সিদ্ধান্ত এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কাটাখালী পৌরসভা সংলগ্ন রাজশাহী নগরীর প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। এর বিরোধিতা করে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করেছেন মেয়র আব্বাস আলী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রাজশাহী মহানগর ও কাটাখালী পৌর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পবা উপজেলা আওয়ামী লীগ এক জরুরি সভায় এরইমধ্যে কাটাখালী পৌর আহ্বায়কের পদ থেকে মেয়র আব্বাসকে অব্যাহতি দিয়েছে।

এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পদ থেকে মেয়র আব্বাস আলীকে অব্যাহতি দিয়ে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এ কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুুদ দারা। জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকারের সভাপতিত্বে জেলার নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অপরদিকে কাটাখালি পৌরসভা মেয়র আব্বাস আলী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও রাজশাহী সিটি কর্পোরেশন গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিনোদপুর এলাকায় ৩০নং ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আব্বাস আলীকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার ও মেয়র পদ থেকে অপসারণের দাবি জানান বক্তারা। একইসাথে অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন করেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
সভা পরিচালনা করেন ছাত্র নেতা মোঃ বকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা,ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজ ও নুরুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা লালন শেখ ও মহানগর যুবলীগের সদস্য ও ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম মন্ডলসহ ৩০নং ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীবৃন্দ।
