১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি : কাটাখালি পৌর মেয়র আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভের ডাক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৫:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি : কাটাখালি পৌর মেয়র আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভের ডাক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবার কটুক্তি করলেন রাজশাহীর কাটাখালী পৌরসভায় নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এ নিয়ে তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পাড়ে। ইসলামের দৃষ্টিতে পাপ.. সে জন্য রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর মুর‌্যাল না বসানোর নির্দেশ দিয়েছেন এই মেয়র; যা জীবন দিয়ে হলেও প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। মেয়র বিতর্ক থামছেই না।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার রেশ কাটতে না কাটতেই রাজশাহীর কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর এক মিনিট ৫১ সেকেন্ডের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল স্থাপন ইসলামের চোখে মহাপাপ; সে কারণে রাজশাহী সিটি গেটে জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর মুর‌্যাল বসাতে না দেয়ার নির্দেশ দিয়েছেন এই মেয়র।

এদিকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি এবং বঙ্গবন্ধুর মুর‌্যাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেয়ার প্রতিবাদে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্বাস আলীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার বেলা সাড়ে ১০টায় কাটাখালি বাজারে এ বিক্ষোভের কর্মসূচী ঘোষণার করেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম রিপন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি কর্মসূচী ঘোষণা করে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভের কর্মসূচী দেয়া হয়েছে। আমাদের দাবি, দ্রুত মেয়র আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করতে হবে। এছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মেয়র পদ থেকেও তাকে অপসারণ করার দাবি জানানো হবে এই বিক্ষোভ কর্মসূচীতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে, মেয়র আব্বাস একজনকে বলছেন, ‘সিটি গেট আমার অংশে। ফ্রার্মকে দিয়েছে তারা বিদেশী স্টাইলে সাজিয়ে দিবে; ফুটপাত, সাইকেল লেন টোটাল আমার অংশটা। কিন্তু একটু থেকে গেছি গেটটা নিয়ে। একটু চেঞ্জ করতে হচ্ছে যে মুর‌্যালটা দিয়েছে বঙ্গবন্ধুর সেটা ইসলামি শরীয়ত মতে সঠিক নয়। এ জন্য আমি ওটা থুব না, সব করবো তবে শেষ মাথাতে যেটা ওটা (মুর‌্যাল)।’’ মেয়র আব্বাস আলী বলছেন, ‘আমি দেখতে পাচ্ছি আমাকে যেভাবে বুঝাইছে আমি দেখতে পাচ্ছি যে মুর‌্যালটা ঠিক হবে না দিলে; আমার পাপ হবে; তো কেন দিব দিব না।

আমিতো কানা না, যেভাবে বাঝাইছে তাতে আমার মনে হয়েছে মুর‌্যালটা হলে আমার ভুল করা হবে। এ খবরটা যদি যায় তাহলে আমার রাজনীতির বারোটা বাজবে; এই মুর‌্যাল দিত চেয়ে দিছে না। তাহলে বঙ্গবন্ধুকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করবো নাকি। এ জন্য কিছু করার নাই। মানুষেক সন্তস্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তস্ট করা যাবে না।’ কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক। তিনি জেলা আওয়ামী লীগেরও সদস্য। তবে অডিওটি তার নয় বলে দাবি করে পুরো ঘটনা অস্বীকার করেছেন এই মেয়র। তিনি বলেন, ‘মুর‌্যাল করা যাবে না, মুর‌্যাল করলে পাপ হবে, এ ধরণের কথা আমার সঙ্গে করাও হয়নি।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করলে তার আওয়ামী লীগ করার অধিকার থাকে না। কাটাখালির মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোন কটুক্তি করে থাকে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর গত ৩ অক্টোবর তাকে কারণ দর্শানের নোটিশ দেয়া হয়। আর তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয় গত ১৯ নভেম্বর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন