সংবাদ পাঠিকা তৃণার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা স্বামী এরশাদের
এফএনএস : দেশের একটি বেসরকারি টিভির সংবাদ পাঠিকা ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্বামী সংগীতশিল্পী এরশাদ উজ জামান। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে এ মামলা করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৬ নভেম্বর এরশাদ উজ জামানের সঙ্গে তৃণা ইসলামের পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। ২০১৭ সালের ৬ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় এক মেয়েসন্তান। বিয়ের পর থেকে তারা দীর্ঘদিন শান্তিতে বসবাস করে আসছিলেন। হঠাৎ তৃণা ইসলাম তার চিকিৎসা পেশা ছেড়ে সংবাদ পাঠিকা পেশায় যোগদান করেন। এরপর থেকে সংসারের প্রতি উদাসীন দেখাতে থাকেন তিনি। সম্প্রতি তৃণা ইসলাম নিজের জীবনের নিরাপত্তায় তাকে ৫০ লাখ টাকা ‘যৌতুক’ দিতে বলেন।
মামলায় আরও বলা হয়, সবশেষ গত ৪ নভেম্বর মামলার আসামি তৃণা বাদীকে জানান, ৫০ লাখ টাকা ‘যৌতুক’ হিসেবে ব্যাংক ডিপোজিট না করলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। একই সঙ্গে মামলা করে বাদীকে হেনস্থা করবেন বলে ‘হুমকি’ দেন। এর আগে গত ৪ নভেম্বর ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণা ইসলাম। মামলার পর ৮ নভেম্বর শাকিল আহমেদকে আগাম জামিন দেন হাইকোর্ট। ২৩ নভেম্বর মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
