১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মেয়র লিটন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মেয়র লিটন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ তিনজনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অপর দুইজন হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই তিন নেতাকে দলটির প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশনে মেয়র ছিলেন খায়রুজ্জামান লিটন। এরপর ২০১৮ সালে পুনরায় তিনি মেয়র নির্বাচিত হন।

খায়রুজ্জামান লিটন ১৯৫৯ সালের ১৪ আগস্ট রাজশাহী জেলার কাদিরগঞ্জে জন্মগ্রহণ করেন। খায়রুজ্জামান লিটন রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর ১৯৭৬ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির বিভাগে ভর্তি হন এবং ১৯৭৯ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৮৫ সালে তিনি তিনি বার কাউন্সিলের সদস্য হন। খায়রুজ্জামান লিটন ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ২০০৮ সালে তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০১৩ সালের ৯ মে পর্যন্ত মেয়র ছিলেন। ২০১৮ সালের ৩০ আগস্ট পুনরায় মেয়র নির্বাচন করে জয় লাভ করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটনকে প্রেসিডিয়াম সদস্য করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

রাসিক কাউন্সিলরবৃন্দের অভিনন্দন : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতিতে রাসিক কাউন্সিলরবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এর ফলে রাজশাহীর চলমান উন্নয়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। আমরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

অনিল সরকারের অভিনন্দন : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। রাজশাহী আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন অনিল কুমার সরকর।

তিনি বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন সভাপতিমন্ডলীর সদস্য হওয়ায় উত্তরাঞ্চলের অসাম্প্রদায়িক রাজনীতি আরও শক্তিশালী হবে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে উজ্জ্বীবিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শক্তি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে।
এদিকে এক বিবৃতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন