সৌদিতে বাংলাদেশি কৃষি শ্রমিকদের কর্মক্ষেত্র পরিদর্শন রাষ্ট্রদূতের
এফএনএস : সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশটির আরআর এ অবস্থিত প্রবাসী কৃষি শ্রমিকদের কর্মক্ষেত্র ও একটি ফার্ম পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশি কৃষকদের খোঁজখবর নেন ও তাদের কৃষি ফার্ম ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশি কৃষি শ্রমিকরা সেখানে লালশাক, মুলা, টমেটো, ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি ও ডালিম, জলপাইয়ের সফল চাষাবাদ করছেন। প্রায় ৪০ জন বাংলাদেশি শ্রমিক আরআর এ কাজ করছেন বলে জানা গেছে।
রাষ্ট্রদূত এ সময় কৃষি শ্রমিকদের মরুভূমিতে চাষাবাদের অভিজ্ঞতার কথা শোনেন ও তাদের প্রশংসা করেন। তিনি মরুভূমিতে কৃষি কাজে বাংলাদেশি শ্রমিকরা উল্লেখযোগ্য অবদান রাখছে বলে উল্লেখ করেন। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে এক ওয়েবিনারে আলোচনায় অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ তার প্রতিবেশীসহ বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
একইসঙ্গে যেকোনো দ্বিপাক্ষিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ। গতকাল শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উদ্যোগে ‘আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম মূল বক্তব্য দেন। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম তার বক্তব্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি সংযোগ কেন্দ্র রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ যেকোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায়। এ ছাড়া রোহিঙ্গা সংকটকে এ অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন শহীদুল ইসলাম। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সেন্টার সিনিয়র উপদেষ্টা ওসমান সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।
