প্রধানমন্ত্রী দয়া করে খালেদা জিয়াকে বেশি সুবিধা দিয়েছেন: মন্ত্রী
এফএনএস : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজাপ্রাপ্ত অন্য আসামিদের তুলনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়া করে তাকে এই সুযোগ-সুবিধা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পাসের জন্য উত্থাপিত বিলÑ‘বিরোধী দলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।
এর আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় বিএনপির সংরক্ষিত এমপি রুমিন ফারহানা খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’ তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন। দণ্ডবিধির ৪০১ ধারা মতে এই সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে আইনমন্ত্রী বলেন, আমি কখনো বলিনি ৪০১ ধারা মতে উনাকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই। কিন্তু উনি বর্তমানে সাজা স্থগিতপূর্বক বাসায় আছেন, সেটা ৪০১ ধারার ভিত্তিতেই।
ওঁরা যে আবেদনটি করেছিলেন, সেটা ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই। আইন সবার জন্য সমান উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন। উনি (খালেদা জিয়া) তার চেয়ে বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন। আর এটা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কারণে। সাজা স্থগিত রেখে মুক্তির শর্তে তার বাসায় অবস্থান করা ও বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও উনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাসায় ফিরছেন।
আমরা কোনো বাধা দেইনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা দেখালেও তারা কিন্তু সেটা করেননি। ২০০৪ সালের ২১ আগস্ট তারা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। এই হত্যা মামলার প্রধান আসামি তার (খালেদা জিয়ার) ছেলে তারেক জিয়া। তারপরও তাকে দয়া করা হয়েছে।
