১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোপালগঞ্জে চলছে টিকা উৎপাদন প্রক্রিয়া : মন্ত্রী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোপালগঞ্জে চলছে টিকা উৎপাদন প্রক্রিয়া : মন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করতে চায় সরকার। এজন্য শুরু হয়েছে প্রয়োজনীয় কার্যক্রম। যার প্রক্রিয়া চলছে গোপালগঞ্জে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের কাছে ফাইজার, মডার্না, সিনোফার্মসহ দুই কোটি ৭৫ লাখ টিকা মজুত রয়েছে। দেশে টিকা উৎপাদন কার্যক্রমও শুরু করেছি আমরা। গোপালগঞ্জে টিকা উৎপাদন প্রক্রিয়া চলছে। এর আগে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমাদের সুযোগ দিলে আমরাও টিকা উৎপাদন করবো।

আমাদের সেই সক্ষমতা আছে। সেজন্য জমিও কিনে রেখেছি। আমরা কিন্তু উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বস্তিদায়ক জায়গায় রয়েছি। আজও মৃত্যু হয়েছে মাত্র চারজনের। তবে সংক্রমণ কিছুটা বেড়েছে। আমরা মাসখানেক ধরে দেখছি দেশের সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই একই রকম। আমরা চাই দেশের সংক্রমণ এবং মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক। চলতি মাসে তিন কোটি টিকা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হলো টিকা।

আমরা এরইমধ্যে পাঁচ কোটিরও বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দিয়েছি। তিন কোটির বেশি মানুষকে দিয়েছি দ্বিতীয় ডোজ। দেশে প্রতিদিন গড়ে ১৫ লাখ মানুষ টিকা পাচ্ছে। নভেম্বর মাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ ও ইউএস মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্সসহ আরও অনেকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন