১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯টা থেকে গতকাল শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। মারা যাওয়া দুই রোগীর একজন নওগাঁর এবং আরেকজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯/৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন পুরুষ এবং একজন নারী রোগী মারা গেছেন। যাদের দুজনেরই বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তারা হাসপাতালের ২৯/৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাদের মৃত্যু হয়।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৪ জন।

বর্তমানে রাজশাহীর ২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার ছয়জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন এবং মেহেরপুরের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন।

এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ২৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটি নমুনাতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে জয়পুরহাটের একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে ওই জেলার করোনা শনাক্তের হার ২ দশমিক ২৮ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন