কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত পাঁচ
এফএনএস : কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নাগেশ্বরীতে চারজন ও গতকাল শুক্রবার সকালে রাজারহাটে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, একই এলাকার শহিদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া, মা সুফিয়া বেগম ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহীধর আমিন বাজার এলাকার বাসিন্দা সিরাজ আলী। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা রিজভী পরিবহনের একটি নৈশকোচ রায়গঞ্জ আলেপের তেপতি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।
আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। শাহানাজ বেগম নামের একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের পর বাসটি জব্দ করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার সকালে জেলার রাজারহাট উপজেলায় আমিন বাজার এলাকায় ট্রাকচাপায় সিরাজ আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, সেলিমনগর থেকে ভ্যান চালিয়ে ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।
