২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঘরে জমা গ্যাস থেকে বিস্ফোরণে দুই জন নিহত

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ঘরে জমা গ্যাস থেকে বিস্ফোরণে দুই জন নিহত
বিজ্ঞাপন

এফএনএস : নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে লালখাঁর মোড়ের মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোক্তার মিয়ার ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে বাড়ির পাঁচটি রুমের ও পাশের বাড়ির আরও দুটি রুমের দেয়াল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুমগুলো।

তবে সেখানে কয়জন ছিলেন বলা যাচ্ছে না। এ ছাড়া পাশের বাড়ির একটি রুমের ভাড়াটিয়া স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান দেয়াল চাপায় গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কোনো রুমে গ্যাস জমে ছিলো। তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়ির পাঁচটি রুমের দেওয়াল চুর্ণ হয়ে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জ মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধদের মধ্যে দুইজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন- তুলসী রানী (৫৫), তার মেয়ে ঝুমা রানী (১৯), মনি রানী (২০), সুধন (৩৪), সোহেল (১৪), ও সৌরভ (২২)। তারা সবাই একই পরিবারের। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা থেকে গ্যাস বিস্ফোরিত হয়ে ছয়জন এখানে এসেছে। তাদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুইজনকে ভর্তি করা হয়েছে। ভর্তিদের মধ্যে তুলসী রানীর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। আর ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সেইসঙ্গে ভবনটিকে সিলগালা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আরও দুই দগ্ধ ব্যক্তিকে ১০ হাজার করে টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন