১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কেমন আছেন নন্দনগাছী স্টেশনের চা বিক্রেতা আনসার?

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কেমন আছেন নন্দনগাছী স্টেশনের চা বিক্রেতা আনসার?
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : আনসার আলী, বয়স ৭১ বছর। চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনী গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা। উপজেলার নন্দনগাছী রেল স্টেশনের পাশে ছোট টং দোকানে বসে চা বিক্রি করেন তিনি। ৪০ বছর ধরে চা বিক্রি করছেন আনসার আলী। যুবক বয়সে দোকানে প্রবেশ করলেও কালের পরিক্রমায় তিনি এখন বৃদ্ধ। তবুও তাঁর ভাগ্যের পরিবর্তন ঘটেনি টং দোকানে চা বিক্রি করে ৫ ছেলে ২ মেয়েসহ পুরো পরিবারের ভরণ পোষণ করেছেন। ছেলে-মেয়ে সবার বিয়ে হয়ে গেছে। এখন দোকান থেকে যা আয় হয় তা দিয়েই তাদের দুজনের সংসার চলে।

এক সময় নন্দনগাছী স্টেশনের রমরমা অবস্থা ছিল। সব সময়ই যাত্রীদের চলাফেরায় মুখর থাকতো। কিন্তু বর্তমানে স্টেশনটি তালাবন্ধ। তিনটি আন্তঃনগর ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন থামেনা। টিকেট সংগ্রহের ব্যবস্থা না থাকায় যাত্রীদের পদচারণাও কম। তারপরও শত প্রতিকুলতার মাঝেও টিকে আছে আনসার আলীর চায়ের দোকান। আনসার আলীর চায়ের সুনাম রয়েছে নিজ উপজেলাসহ প্বার্শবর্তী উপজেলা জুড়ে। তাঁর তৈরি মসলা লাল চা ও দুধ চা বেশ প্রসিদ্ধ। স্টেশনের যাত্রী না হলেও অনেকে দুর-দুরান্ত থেকে আসেন তাঁর চায়ের টানে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে চা বিক্রি।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিন নন্দনগাছী স্টেশনে গিয়ে দেখা যায়, ব্দ্ধৃ আনসার আলী চা তৈরিতে ব্যস্ত। এ সময় তিনি বলেন, এরশাদ সরকার ক্ষমতা দখলের আগে থেকে এখানে চা বিক্রি করছি। নিজ এলাকার, দেশের, সরকারের কত পরিবর্তন চোখের সামনে হতে দেখলাম। তবে আমার জীবনে চায়ের কাপেই শেষ। তারপরও ভাল আছি।
তিনি আরো বলেন, এক সময় স্টেশনের লোক সমাগম হতো। তখন ব্যবসা ভাল ছিল। আয়ও বেশ ভাল হতো। তখনকার আয় দিয়েই সাত ছেলে মেয়েকে বড় করেছি। কিন্তু এখন ব্যবসা নেই। সবখানে চায়ের দোকানও হয়ে গেছে। তারপরও এই পেশার মায়া ছাড়তে পারিনা। দোকানে মাঝে মাঝে মেজো ছেলে সহযোগিতা করে।

চা বিক্রি করে যা আয় হয় তাতে টেনেটুনে সংসার চলে যাচ্ছে। আফজাল হোসেন নামের একজন চা পানকালে জানান, আনসার চাচা অনেক আগে থেকেই স্টেশনে চা বিক্রি করে আসছেন। মাঝে মাঝে অবাক হই এই বয়সে এসেও তিনি কিভাবে এত পরিশ্রম করেন। প্রতিদিন তার চায়ের প্রতি আমার আলাদা একটা নেশা থাকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, আনসার আলীকে দীর্ঘদিন চা বিক্রি করছেন। তাঁর চায়ের সুনামও রয়েছে। তারপরও সে এখন বৃদ্ধ হয়েছে। খোঁজ খবর নিয়ে সে যদি সরকারী কোনো সহযোগিতা না পেয়ে থাকে তবে তাকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন