লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
এফএনএস : লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে আছে। নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)। গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বলেন, গরু আনতে ভারত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতে অভ্যন্তরে গিয়ে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
