জেলার পাশাপাশি উপজেলায় মাদকবিরোধী সভার সুপারিশ
এফএনএস : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদকবিরোধী সভা করার সুপারিশ করা হয়েছে। মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপরে প্রতিবেদন উপস্থাপন এবং আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চলমান থাকায় কমিটি ধন্যবাদ জানায়। এই চলমান প্রক্রিয়া আরও জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনাসহ স্কুল ও কলেজের সামনে বা গেটে পান, সিগারেটের দোকানসহ অন্য কোনও দোকান স্থাপন না করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার জন্য সুপারিশ করা হয়।
সভায় বলা হয়, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং বীর মুক্তিযোদ্ধা সৈনিক ও কর্মকর্তা হত্যা দিবস। এ দিনে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। কমিটির সভায় এ জঘণ্যতম হত্যার নিন্দা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং দুই বিভাগের অধীন সংস্থাগুলোর প্রধান ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
