ঢাবি ‘ক’ ইউনিটে ৮৯ শতাংশই ফেল

Paris
Update : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

এফএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৪ হাজার ৫০৯ জনের মধ্যে পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ।

বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সাত বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন সংখ্যা এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।

ফল জানতে : ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের মাধ্যমিক রোলের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে উট KA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি sms-এ তার ফলাফল জানতে পারবেন।

ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
১. পাসকৃত সকল ছাত্রছাত্রীকে আগামী ৯ নভেম্বর বিকেল ৩টা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

২. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাসমভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

৩. ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। গত মঙ্গলবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris