১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েট ক্যাম্পাসে অবস্থান নিয়ে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রুয়েট ক্যাম্পাসে অবস্থান নিয়ে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
বিজ্ঞাপন

রাবি সংবাদদাতা : রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি পালন শেষে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়টির সেন্ট্রাল কমন রুম (সিসিআর) মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ক্যাম্পাসে থমথমে পরিবেশ তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব। বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের দাবি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, জেলহত্যা দিবস উপলক্ষে রুয়েট ছাত্রলীগ কর্মী তানভীর আহমেদ আবির তার ৩০-৪০ জন অনুসারী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা সিএসআর এর সামনে চা দোকানে আড্ডা দিচ্ছিল। এসময় সভাপতি ইয়াসশির ইপু তার অনুসারীদের নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে আবিরের ক্যাম্পাসে ঢোকা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটি ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। তবে এতে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু বলেন, “বহিরাগতরা আমাদের ছাত্রলীগের একজনকে গালিগালাজ করে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল। শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে।” তবে শাখা ছাত্রলীগের নেতারা আবিরকে বহিরাগত দাবি করলেও তার দাবি সে ইইই-১৩ সিরিজের শিক্ষার্থী তার সাথে অন্তত ৯-১০ জন ছাত্রলীগের বর্তমান কমিটিতে দায়িত্বরত। এর বাইরে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে সেখানে ছিলেন।

তানভীর আহমেদ আবির বলেন, জেলহত্যা দিবসের মহানগরীর জমায়েত শেষে আমরা ক্যাম্পাসে চা খাচ্ছিলাম। এসময় তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের সাথে উস্কানিমূলক কথা বলতে শুরু করেন। আমরা তো কোনো অপরাধ করিনি। আমরা পালাইনি, সেখানে দাড়িয়েছিলাম। এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল বলেন, বহিরাগত কিছু ছেলে এসেছিল। তাদের সাথে ক্যাম্পাস ছাত্রলীগের সাথে তাদের ঝামেলা হয়েছিল। ক্যাম্পাসে র‌্যাব এবং পুলিশ অবস্থান করছে। ক্যাম্পাস এখন শান্ত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন