১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নেসকো’র বিবৃতি

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ৭:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নেসকো’র বিবৃতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ০২/১১/২০২১ খ্রি: তারিখ সন্ধ্যায় শালবাগান মোড়ের নিকটে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্দেশ্যে মাটি কাটার কারণে একটি বিশালাকৃতি পাম গাছ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, নেসকো লিঃ, রাজশাহী এর আওতাধীন ৩৩কেভি শালবাগান-বিন্দুর মোড় রিং লাইন ও ১১ কেভি উপশহর ফিডারের তারের উপরে হেলে পড়ে বিদ্যুৎ বিভ্রাট জনিত দুর্ঘটনা সংঘটিত হয়। ফলশ্রুতিতে উক্ত বৈদ্যুতিক লাইনটি প্রটেকশন রিলে ও সার্কিট ব্রেকার অপারেশনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রিপ করে ও সংশ্লিষ্ট এলাকায় সন্ধ্যা ৭.০১ টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উপশহর এলাকার প্রায় ৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

লাইন হতে গাছ অপসারণ করা সময় সাপেক্ষ বিধায় গ্রাহক সেবার স্বার্থে নেসকো লিঃ এর কর্মকর্তা-কর্মচারীগণের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে বিকল্প উপায়ে তেরখাদিয়া ফিডারের সাথে সাময়িকভাবে সংযুক্ত করার মাধ্যমে উপশহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ৭.৪৫ টায় সচল করা হয়। পরবর্তীতে নেসকো, সওজ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় লাইন হতে গাছটি অপসারণ করা হয়। কিন্তু লাইনের উপর ভারী গাছ পড়ে থাকার কারণে একটি ১১ মিটার স্টিল পোল সহ লাইনটি ক্ষতিগ্রস্ত হয় বিধায় শালবাগান মোড়ে অবস্থিত একটি বিতরণ ট্রান্সফর্মারের আওতাধীন পাসপোর্ট অফিস, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় সহ অল্প কিছু আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ৩/১১/২০২১ খ্রি: তারিখ সকালে ক্ষতিগ্রস্ত পোল হতে পুনঃস্থাপিত নতুন পোলে লাইনটি স্থানান্তর করার মাধ্যমে ১১.৫০ টায় সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। অনাকাঙ্খিত দুর্ঘটনার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সেই সাথে উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত সকল সংস্থাকে এই জাতীয় কাজের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন