রাজশাহীর ঠিকাদার টোটনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে সিআইডি
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরিতে কারা জড়িত তা তদন্তে মাঠে নেমেছে সিআইডি। মন্ত্রণালয়ের ছয় কর্মচারীকে হেফাজতে নিয়ে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তদন্তের অংশ হিসাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোয় সরঞ্জামাদি সরবরাহের ঠিকাদার রাজশাহীর নাসিমুল গনি টোটনের বাড়িতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকার সিআইডি দল। টোটনকে রাজশাহীর কেশবপুর এলাকার বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
ঠিকাদার টোটনকে জিজ্ঞাসাবাদের পর গতকাল মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন রাজশাহীর ঠিকাদার নাসিমুল গনি টোটন নিজেই। গতকাল বিকেলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমাদের রাজশাহীকে জানান, ‘মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোয় সরঞ্জামাদি সরবরাহের কাজে নিয়োজিত থাকায় সন্দেহবসত তাকে নিয়ে গিয়েছিলেন সিআইডি দল। জিজ্ঞাসাবাদের পর কোন প্রকার তথ্য ও সন্দেহের তেমন কোন কারণ না পাওয়াতে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়’।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব নাদির হায়দার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে সচিবালয়ের নিচতলার স্বাস্থ্য শিক্ষা বিভাগের একটি কক্ষ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার তথ্য তুলে ধরা হয়।
