চারঘাট প্রতিনিধি : ভোটার আইডি কার্ডে মৃত চারঘাটের ৪ ব্যক্তি গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জীবিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দীর্ঘ ৪ বছর ধরে ভোট প্রদানসহ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। জীবিত থেকেও কেন মৃত নির্বাচন অফিসে একাধিকবার ধরনা দিয়েও কোন সুরাহা করতে পারেনি। অবশেষে বিষয়টি সুরাহা করে মৃতদেরকে জীবিত করে দেন। ভোটার তালিকায় মৃত জীবিতরা হলেন উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল,
পরানপুর গ্রামের হাজেরা বেগম, হাবিবপুর গ্রামের আমান উল্লাহ, ডাকরা গ্রামের শাহনাজ পারভীন। ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে তাদেরকে মৃত উল্লেখ করা হয়। ভোটার তালিকায় মৃত থাকার কারণে তারা চাকরির আবেদনের পাশাপাশি সরকারি বেসরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত দিতে পারেননি। এ নিয়ে খুবই দুর্বিষহ দিন অতিবাহিত করেছিলেন তারা।
ভোক্তভোগী আমান উল্লাহ ও শাহনাজ পারভীন জানান, ৪ বছর পর ভোটার তালিকায় মৃত থেকে জীবিত হয়েছি। আমরা খুবই খুশি। এখন থেকে ভোটাধিকার প্রয়োগসহ সরকারী সকল সুবিধা পাব। তবে আমাদেরকে যারা ভোটার তালিকায় মৃত বানিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের সুষ্ঠু বিচার দাবি করছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ভোটার তথ্য সংগ্রহকারী এবং তথ্য প্রদানকারীদের জন্য এমন জটিলতার সৃষ্টি হয়েছিল। তাদের আবেদন পেয়ে খোঁজ খবর নিয়ে মৃত আইডি কার্ড থেকে জীবিত সংশোধন হয়েছে।