প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর বৈঠক
এফএনএস : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী ড. আবদুল রহমান আবদুল মান্নান আল আওয়রের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুবাইয়ের আল হাবতুর প্যালেসে এ বৈঠক হয়। এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ ছাড়া মন্ত্রী আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রী পর্যায়ক্রমে সব প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল কাদের, উপ-সচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ। দুবাইয়ে চলমান ‘আবুধাবি ডায়ালগে’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য সেখানে অবস্থান করছেন মন্ত্রী ইমরান আহমদ।
