বুয়েটে চান্স না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
এফএনএস : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকের ভর্তি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছের রিয়া কর (১৮) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়া কর ওইএলাকার চিত্ত করের মেয়ে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়া কর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ব্যপক প্রস্তুতি নিয়েছিল। সে অনুযায়ী ভর্তি পরীক্ষাতেও অংশ নিয়েছিল।
কিন্তু গত মঙ্গলবার বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে তাতে রিয়া অকৃতকার্য হয়। এতে তার মন খারাপ হলে নিজ ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি করে। কিন্তু দীর্ঘ সময় পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার দরজা ভেঙে রিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার ও আশপাশের লোকজন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।
