পাটুরিয়ায় কাত হয়ে পদ্মায় ফেরিডুবি

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ভেড়ানোর পর রো-রো ফেরি শাহ আমানত কাত হয়ে পদ্মায় অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে গতকাল বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয় রো রো ফেরি শাহ আমানত। পদ্মা পার হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই সেটি কাত হয়ে নদীতে উল্টে যায়। পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলেছেন ওই ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছাড়াও কয়েকটি মোটর সাইকেল ও প্রাইভেট কার ছিল।

ঘাটে ভেড়ার পর কয়েকটি গাড়ি নামতে পারলেও বাকিগুলো ফেরির সঙ্গেই ডুবে যায়। পরে কয়েকটি ট্রাক ও ভ্যানকে নদীতে ভাসতে দেখা গেছে। পরে কাত হয়ে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়া ঘাটে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। রো রো ফেরি শাহ আমানতকে বাঁধা হয়েছে হয় হামজার সঙ্গে। তবে কাত হয়ে ফেরিটির মাঝে পানি ঢুকে ওজন বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে জটিলতার আভাস মিলেছে বলে জানান কর্মকর্তারা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া দুটি ট্রাক টেনে তোলে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম।

তিনি বলেন, ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কিভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে কর্মকর্তারা আলোচনা করছেন, যোগ করেন তিনি। গতকাল বুধবার সকালের দুর্ঘটনার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উদ্ধার কার্যক্রম চালাতে যথারীতি ডাক পড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজ হামজার। ফেরি দুর্ঘটনার পর আশেপাশের সংস্থাগুলোর উদ্ধার সরঞ্জাম দিয়ে এবারও কাজ হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার নৌ দুর্ঘটনার পর যে চিত্র দেখা যায়, এবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। সরকারি সংস্থাগুলোর কাছে থাকা উদ্ধারকারী সরঞ্জামগুলো কাজ করেনি। নৌ দুর্ঘটনার পর ঘটনার শিকার জাহাজ উদ্ধারে বেশির ভাগ সময় দায়িত্ব পড়ে বিআইডব্লিউটিএ এর ওপর। কিন্তু সংস্থাটির উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার ধারণক্ষমতা খুবই কম। এবারও দ্রুতই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে হামজা। ঘটনাস্থলে এসে বিআইডব্লিউটিএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আলম বলেন, দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকাল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়।

কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ফেরিটিকে উদ্ধার করা। ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে উল্লেখ করে তিনি জানান, ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে বলে আভাস দেন তিনি। তবে গতকাল বুধবার রাত আটটা পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়নি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছেন বলে জানা যায়নি। ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি তখনও চলছিল। ফেরির লোকজন ও ট্রাকচালকদের মতে, ফেরিতে ১৭টি ট্রাক, একটি কার ও কয়েকটি মোটরসাইকেল ছিল।

শুধু তিনটি ট্রাক নামতে পেরেছে। ঘটনার পর, ঘাটের ট্রলার চালক ও বিআইডব্লিউটিসির ভাসমান কারখানার লোকজন ডুবন্ত ট্রাকচালক ও লোকজনকে উদ্ধার করেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছেন এমন তথ্যও পাওয়া যায়নি। এদিকে ফেরি দুর্ঘটনার কারণে অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনারোধকল্পে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আবদুল হামিদ কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম। কমিটির বাকি সদস্যরা- বিআইডব্লিউটিএর পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভয়ার অ্যাড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল এবং নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। গতকাল বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়।


আরোও অন্যান্য খবর
Paris