তথ্য অধিদফতরের পরিবীক্ষণ কমিটি
এফএনএস : তথ্য অধিদফতরের সেবা দেওয়া প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) সংক্রান্ত ৫ সদস্যের পরিবীক্ষণ কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এ সংক্রান্ত আগের কমিটি বাতিল বলে গণ্য হবে বলেও অফিস আদেশে জানানো হয়। অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রোটকল ও মনিটরিং) ফায়জুল হককে সভাপতি এবং সিনিয়র তথ্য কর্মকর্তা (সমন্বয় ও বিতরণ) আসাদুজ্জামান খানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রোটকল এণ্ড লিয়াজোঁ) মো. আবদুল জলিল, সিনিয়র তথ্য কর্মকর্তা (সংবাদকক্ষ) পরীক্ষিৎ চৌধুরী এবং সিনিয়র তথ্য কর্মকর্তা (প্রশাসন) এ এইচ এম মাসুম বিল্লাহ। কমিটির কর্মপরিধিতে বলা হয়, তথ্য অধিদফতরের সেবা দেওয়ার প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) হালনাগাদকরণ এবং যথোপযুক্ত স্থানে প্রদর্শনের ব্যবস্থাকরণ, সিটিজেনস চার্টার অনুযায়ী সেবা দেওয়া হয়েছে কি না তা পরিবীক্ষণ করবেন এবং এ-সংক্রান্ত প্রতিবেদন বিভাগে প্রেরণ করবেন।
ওয়েবসাইটে স্থাপিত কর্নারে সেবা গ্রহীতার মতামত পরিবীক্ষণ করবেন। কমিটি সিটিজেন চার্টার পর্যালোচনাপূর্বক তা মনিটরিংয়ের পন্থা উদ্ভাবন করবেন। কমিটির কর্মপরিধিতে আরও বলা হয়েছে, প্রতিবেদন প্রধান তথ্য কর্মকর্তা বরাবর দাখিল করবেন, সিটিজেন চার্টার বাস্তবায়নের জন্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন, আঞ্চলিক তথ্য অফিসসমূহে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য অধিদফতরের সিটিজেন চার্টারে বর্ণিত সেবাসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তৈরি করবেন।
