বিষধর ‘রাসেল ভাইপার’ মিলছে রাজশাহী অঞ্চলে!
এফএনএস : দেখতে মোটা-সাটো, ২ থেকে ৩ ফুট দৈর্ঘ্য, গায়ে ছোপ-ছোপ দাগ, ঘন ঘন জিহ্বা বের করে শব্দ করে হিসহিস, দেখে অজগর ভেবে ভুল করবে যেকেউ। বেটে-খাটো এই সাপটিকে স্থানীয়ভাবে বলা হয় চন্দ্রবোরা। তবে এর আন্তর্জাতিক নাম রাসেলস্ ভাইপার। বিশ্বে ভয়ঙ্কর সব সাপেদের পঞ্চম স্থানে আছে এর নাম। গবেষকরা বলছেন, প্রজনন আর বন্যার সময় দারুণ উৎপাত তৈরি করে সাপটি। গেল ১০ বছর থেকে দেশের রাজশাহীর পদ্মার চরাঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় উঁচু-নিচু জমিতে এই সাপটির সবচেয়ে বেশি দেখা মিলছে। এতে সাপের কামড়ে ভোগান্তি বাড়ছে, মারা যাচ্ছে মানুষ। একইসঙ্গে মানুষের ক্রোধে মরছে সাপও।
সংশ্লিষ্টরা বলছেন, দিনে পাঁচটির বেশি মারা পড়ছে এই জাতের সরীসৃপটি। দীর্ঘদিন থেকে সাপ নিয়ে গবেষণা করছে রাজশাহীর একমাত্র স্নেক রেসকিউ সেন্টারের উদ্যোক্তা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও গবেষক বোরহান বিশ্বাস রুম্মান। তিনি বলেন, জুন-জুলাই মাসে এই সাপের প্রজননকাল। আর আগস্ট-সেপ্টেম্বরে বাড়ে পদ্মা নদীর পানি। আর এ সাপের আবাসস্থল পদ্মা ও এর চরগুলোয় বেশি। এসব এলাকা প্লাবিত হলে তারা আশ্রয় হারিয়ে লোকালয়ে উৎপাত বাড়ায়। ফলে এ বছর আগস্ট থেকেই রাজশাহীর তানোর, গোদাগাড়ী, চারঘাট, বাঘা এলাকায় অধিকহারে এ সাপের দেখা মিলেছে।
রাসেলস্ ভাইপার ফুসফুসে অতিরিক্ত বাতাস নিয়ে নদীতে ভাসতে থাকে এতে কচুরিপানা বা কোনো কিনারা পেলে তাতে উঠে পড়ে। একইসঙ্গে সাপটি আহারের জন্য ধানক্ষেতে থাকতে বেশি পছন্দ করে। খাবারের সন্ধানে লোকালয়েও চলে আসে। ভয়ঙ্কর এই সাপটি এভাবে আবাসস্থল হারিয়ে লোকালয়ে চলে আসায় সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহীর ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর তথ্য মতে, গেল ৩ মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩৭ জন রোগী।
তবে ঠিক কতজন মানুষ এ সাপের কামড়ে মারা গেছেন তা নির্দিষ্ট করে বলতে পারেনি তারা। আর রাজশাহী স্নেক রেসকিউ সেন্টারের তথ্য মতে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ১৬৩টি সাপ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে ১০৭টিই রাসেলস্ ভাইপার। উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে মাত্র ৫টি রাসেলস্ ভাইপার সাপ জীবিত উদ্ধার করতে পেরেছেন তারা। বাকি সাপগুলো কৃষকের ধানক্ষেতে, মাছমারা ফাঁদে বা লোকালয়ে এসে মারা পড়েছে। চিকিৎসকরা বলছেন, যে সব এলাকায় সাপের কামড়ের আশঙ্কা আছে সে সমস্ত এলাকায় মানুষকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে।
পাশাপাশি সাপের কামড়ালে ওঝা বা ঝাড় ফুক নয় বরং দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের জন্য মানুষকে সচেতন করে তোলা উচিত। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানিয়েছেন, সাপ যেন মানুষের ক্ষতি করতে না পারে সে কারণে ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় মানুষকে সচেতন করছেন তারা। জাত ভেদে সাপের ধরন আচরণ এবং কেমন স্থানে কোন সাপ বসবাস করে তা গ্রামবাসীদের জানানো হচ্ছে। আর বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তর বলছে, তাদের পক্ষ থেকেও সচেতনতা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। ২০১০ সালে পদ্মা নদী দিয়ে বন্যার পানিতে ভেসে ভারতের পাহাড়ি এলাকা থেকে দেশে আসে রাসেলস্ ভাইপার।
এরপর থেকে গেল ১১ বছরে চরাঞ্চল, পদ্মা নদীর অববাহিকা যতদূর গেছে ও রাজশাহীর বরেন্দ্র এলাকায় প্রচুর পরিমাণে বেড়েছে এই সাপ। ১৯০১-০২ সালে ব্রিটিশ পর্যটকদের তথ্য মতে, একসময় উত্তরের দিনাজপুর থেকে রাজশাহীর বরেন্দ্র এলাকা খুলনার বাগেরহাট সুন্দরবন ছিলে এই চন্দ্রবোরা বা রাসেলস্ ভাইপারের আবাসস্থল। দেশে এই সাপটিকে একসময় বিলুপ্ত ঘোষণা করা হয় ঠিকি, কিন্তু ২০০৯ সালে রাজশাহীর বরেন্দ্র এলাকা তানোর-গোদাগাড়ীতে এ সাপের দেখা মেলে। সংশ্লিষ্টজনদের ধারণা, বিলুপ্ত নয় বহুদিন থেকে বরেন্দ্র এলাকায় টিকে ছিল এ ভয়ঙ্কর সাপ। যার পরিমাণ এখন দিন দিন বেড়েছে।
