অতিরিক্ত সচিব পরিচয় দানকারী সেই আবদুল কাদের কারাগারে
এফএনএস : তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের প্রতারণার মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আবদুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গতকাল রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার চার দিনের রিমান্ড শেষে আবদুল কাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর তেজগাঁও থানার প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ অক্টোবর আবদুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। এরপর পল্লবী থানার একটি মামলায় তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৭ অক্টোবর ঠিকাদার কনস্ট্রাকশনের মালামাল সরবরাহকারী শেখ আলী আকবর প্রতারণার অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি। মামলার অপর আসামিরা হলেন- আবদুল কাদেরের স্ত্রী সততা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোঁয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।
