এফএনএস : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের এক কর্মকর্তা নিহত ও দুই সদস্য আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার সকালে অঙ্গরাজ্যটির টাকসন স্টেশনে জনবহুল একটি ট্রেনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। টাকসনের পুলিশ প্রধান ক্রিস ম্যাগনাস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার তিন সদস্য পুলিশের সাথে ওই ট্রেনে নিয়মিত তল্লাশিতে যায়।
এ সময় ট্রেনে থাকা দুই ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় বন্দুকধারী এক ব্যক্তি নিহত হলেও তিনি আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায় নি। পরে আরেক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এ সময় লস অ্যাঞ্জেলেস থেকে নিউ অরলিন্সগামী ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।