এফএনএস : আফগানিস্তানে তালেবান কমান্ডার ও যোদ্ধার অসদাচরণ এবং প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। শুক্রবার এক অডিও বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। এসময় তিনি বলেন, কুখ্যাত ও দুর্বৃত্ত কিছু সাবেক যোদ্ধাদেরকে তালেবান ইউনিটে যোগ দিতে দেওয়া হয়েছে। ক্ষমতা নেয়ার পর ওইসব তালেবান বেশ কিছু সহিংস কর্মকাণ্ড ঘটিয়েছে।
তাদের পদ না দেওয়ার নির্দেশ দিয়ে ইয়াকুব বলেন, কোন ধরনের ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। কাবুলের কিছু বাসিন্দা রাস্তায় রাস্তায় টহলে থাকা তালেবান যোদ্ধাদের কাছ থেকে নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছে। এছাড়াও তালেবান নেতারা ক্ষমা ঘোষণা করার পরও সাবেক আফগান সরকারের সদস্য, সেনা ও নাগরিক সমাজের কর্মীদের ওপর তালেবান সদস্যদের প্রতিশোধ হামলার খবর পাওয়া গেছে। অবৈধভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার বেশকিছু বিচ্ছিন্ন খবর পাওয়া গেছে।