সর্বশেষ সংবাদ

তালেবানকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন সহায়তা চান আহমেদ মাসুদ

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে সরাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন দেশটির পাঞ্জশিরের প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম নেতা আহমেদ মাসুদ। তালেবানবিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পাওয়ার জন্য রবার্ট স্ট্রিক নামে একজন লবিস্টের সঙ্গে চুক্তি করেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাঞ্জশির ভিত্তিক নর্দার্ন অ্যালায়েন্সের কাছে অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র হস্তান্তরে বাইডেন প্রশাসনকে প্রভাবিত করাই হবে ওই লবিস্টের কাজ। তার সঙ্গে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন এই জোটের মুখপাত্র আলি নাজারি।

তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনাই নয়, তালেবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনও পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয়, তা নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন স্ট্রিক। এদিকে, মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনকে আফগানিস্তানের এই প্রতিরোধগোষ্ঠীকে ‘বৈধ সরকারী প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও বাইডেন ইঙ্গিত দিয়েছেন, সেনা প্রত্যাহারের পর আফগান সংঘর্ষে আর জড়াবেনা যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আফগানিস্তানে অবশিষ্ট আমেরিকান এবং মার্কিন মিত্রদের সরিয়ে নেওয়ার জন্য তালেবানদের সাথে কাজ করছে। এদিকে, নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অর্থ সহায়তা এবং তালেবান সরকারের বৈধতার জন্য তালেবানরাও নিজস্ব প্রতিনিধি খুঁজছে। এছাড়াও, পাঞ্জশিরে এখনও চলছে প্রতিরোধে সংঘর্ষ এবং জানা গেছে যে মাসুদ এবং আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এখনও পাঞ্জশিরেই রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris