ভিকারুননিসা অধ্যক্ষের ফোনালাপ ফাঁস নিয়ে শুনানি পিছিয়েছে
এফএনএস : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেওয়ার জন্য পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট দাখিলে রাষ্ট্রপক্ষ থেকে সময় আবেদন করার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ভিকারুননিসা অধ্যক্ষের মুখে এমন ভাষা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছিলেন হাইকোর্ট। এর আগে গত ১০ আগস্ট আদালত শুনানিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফোনালাপে যে ভাষা ব্যবহার করেছেন তা অবশ্যই নিন্দনীয় বলেও মন্তব্য করেন। হাইকোর্ট বলেছিলেন, এটা অপ্রত্যাশিত। একজন অধ্যক্ষ এভাবে কথা বলতে পারেন না। তার মুখ থেকে এ ধরনের ভাষা আশা করা যায় না। যেহেতু তার ফোনালাপের বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে, তারা কী পদক্ষেপ নেন তা দেখে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
অধ্যক্ষ কামরুন নাহারকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে ওইদিন হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। অধ্যক্ষ কামরুন নাহারকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আদেশের নির্ধারিত দিনে গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
