এফএনএস : মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে এতদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করতে পারছিল না ইরান।ত বে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের ফান্ড ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর ফলে এখন করোনা ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে পারবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি এটি নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে আব্দুন নাসের হেম্মাতি বলেন, তারা আমাদের সকল ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে বৈশ্বিক চাপের মুখে পড়ে তারা ভ্যাকসিন কেনার জন্য ফান্ড ট্রান্সফারের ওপর নিষেধাজ্ঞা শিথিলে রাজি হয়েছে। হেম্মাতি বলেছেন, ভ্যাকসিন ক্রয়ের জন্য একটি সুইস ব্যাংকের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে বলেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল এই সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বলে ইরানের সংবাদমাধ্যমে বলা হয়েছে। ইরানের শিফা ফার্মাসিউটিক্যাল নামের একটি কোম্পানি এই ভ্যাকসিনটি তৈরি করেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১১ লাখ ৮৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৪ হাজার ৩০৮ জন।