সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২০ বছর ঐক্যের ডাক বাইডেনের

Paris
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর ছিল গতকাল শনিবার। ২০০১ সালের এই দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনেও। এ ছাড়া ছিনতাই হওয়া আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে। ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার জঙ্গিরা ভয়াবহ ওই হামলা চালায়। এতে দুই হাজার ৯৭৭ জন প্রাণ হারান। আহত হন আরও ছয় হাজারের বেশি মানুষ। এদিকে টুইন টাওয়ার হামলার ২০ বছর স্মরণকালে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশজুড়ে ওই সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। টুইন টাওয়ার হামলার ২০ বছরের প্রাক্কালে প্রেসিডেন্ট বাইডেনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে তিনি ভয়াবহ ওই হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে ওই হামলার পর জরুরি বিভাগের যেসব কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যান্যের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলাকে স্মরণ করে বিভিন্ন আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যতই সময় পার হয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো সবকিছুকে যন্ত্রণাদায়কভাবেই ফিরিয়ে আনে যেন মনে হবে আপনি কয়েক সেকেন্ড আগেই এই খবর পেয়েছেন।

ওই হামলার পর আমেরিকার মুসলিমদের বিরুদ্ধে ভয়, ক্ষোভ, সহিংসতা এবং বৈরী আচরণ করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে তার মতে, মানুষের মধ্যে ঐক্যই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, আমরা এটা শিখেছি যে, ঐক্য এমন একটি জিনিস যাকে কখনওই ভাঙতে দেওয়া যাবে না। আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় আত্মঘাতী হামলা চালায়। ভয়াবহ ওই হামলার পর এতগুলো বছর কেটে গেলেও যুক্তরাষ্ট্রে একই ধরনের হামলা হওয়ার শঙ্কা কাটেনি। বরং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের আরো হামলার আশঙ্কা বাড়ছে।


আরোও অন্যান্য খবর
Paris