অনুমতি ছাড়া বিক্ষোভ এবং প্রতিবাদী স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বুধবার এ নিয়ে একটি নির্দেশনা জারি করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে যেকোনো বিক্ষোভ সমাবেশের আগে সরকারের অনুমতি নিতে হবে।- এফএনএস
অনুমতি ছাড়া বিক্ষোভ করলে এবং প্রতিবাদী স্লোগান দিলে আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে, মঙ্গলবার আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের পর কাবুল, হেরাত ও ফয়েজাবাদসহ কয়েকটি শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেন কয়েকশ’ মানুষ। মন্ত্রিসভায় কোনও নারী সদস্য না থাকায় প্রতিবাদ জানান নারীরাও।
আন্দোলন ঠেকাতে নিপীড়ন চালায় তালেবান সদস্যরা। এসব বিক্ষোভে গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এদিকে, আফগানিস্তানে তিন সপ্তাহের নৈরাজ্যের পর সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে চীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে দেশটিকে জরুরি ভিত্তিতে ৩ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।