বাংলাদেশ-ভারতের ফ্লাইট চালু হচ্ছে আজ থেকে
এফএনএস : করোনাকালে দীর্ঘদিন স্থগিত থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ শনিবার ফ্লাইট চলাচল শুরু হতে পারে। এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের প্রস্তাব করা সপ্তাহে সাতটি ফ্লাইট গ্রহণ করেছে বাংলাদেশ। এয়ার বাবল চুক্তি হচ্ছে, নির্দিষ্ট দুটি গন্তব্যের মধ্যে ফ্লাইট চলবে, মাঝে কোথাও ট্রানজিট করা যাবে না। এ চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চিঠি দেয়। সে চিঠিতে এসব কথা জানানো হয়। বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন।
বাংলাদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি, দিল্লি গন্তব্যে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এদিকে ভারতও তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। পরের সপ্তাহ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে ১০টি করে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তাব পাঠিয়েছে বেবিচক। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটের নোটিসে জানানো হয়েছিল, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু কাল থেকে: ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস বাংলা। ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগিটিভ রিপোর্ট থাকতে হবে। চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ব্যতীত সব ভিসায় বর্তমানে ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট প্রতি রবি, বুধ ও শুক্র বার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নেইয়ে ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ১২ হাজার ৩৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১৯ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করেছে। চেন্নাই ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
