এফএনএস : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা প্রকাশের ১ দিনের মাথায় বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা ও গুলির ঘটনার ২ দিনের মধ্যে আবারও বিমানবন্দরটিতে হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সতর্কতা জারি করে জানিয়েছেন, মার্কিন ড্রোন হামলায় শীর্ষস্থানীয় দুই আইএস জঙ্গি নিহত এবং একজন আহতের ঘটনার প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনা করেছে আইএস। এ সময় বাইডেন আফগানিস্তানে আইএসের বিরুদ্ধে আরও অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন। দেশটিতে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখনও দেশটির এক হাজারের বেশি বেসামরিক নাগরিক রয়েছে কাবুলে।
পেন্টাগন জানিয়েছে, শনিবার থেকে কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা। শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানিয়েছে তালেবান। এদিকে যুক্তরাজ্যের সেনা প্রত্যাহার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার ব্রিটিশ সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের শেষ উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ১৪ই আগস্ট থেকে ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটি। নানগারহার প্রদেশে আইএস-এর আস্তানায় মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছে তালেবান। এ ঘটনাকে আফগানিস্তানের ওপর আঘাত বলে মনে করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।