২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি বাড়তে পারে
বিজ্ঞাপন

এফএনএস : লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। তিনি বলেন, গতকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশালে বৃষ্টির পরিমাণ ছিল কম। ময়মনসিংহে বৃষ্টিই হয়নি। রংপুর ও খুলনা বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, ৬৩ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার দেশের সর্বোচ্চ তামমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন