বাগমারায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শামসুর রহমান (৪৫)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। পুলিশ ট্রাকসহ আবদুল মজিদ (৩৬) নামের ওই চালককে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বুধবার শামসুর রহমান মোটরসাইকেল চালিয়ে উপজেলার তাহেরপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
বিকেল সাড়ে তিনটায় তাহেরপুর কলেজ গেটের অদূরে বুড়িবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। এতে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মৃত অবস্থায় শামসুর রহমানকে উদ্ধার করে। এসময় স্থানীয় লোকজন চালক আবদুল মজিদ ও ট্রাক আটক করে।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। একই সঙ্গে ট্রাক ও চালককে আটক করে পুলিশ। তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। চালকসহ ট্রাককে আটক করা হয়েছে।
