বাঘায় গরু চুরির সন্দেহে দুইজনকে আটক করে পিটুনি, একজনের মৃত্যু
বাঘা সংবাদদাতা : রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে মারধরের ঘটনায় শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শমজান (৪০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মো. মোস্তফার ছেলে। আহত শমজান একই এলাকার নবীন শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জোতকাদিরপুর স্কুলের কাছে গরু চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের ওপর মারধর করা হয়। এতে শিমুল ও শমজান গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গুরুতর আহত শমজানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানোর প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে গরু চুরির অভিযোগের সত্যতা এবং তাদের ওপর মারধরের ঘটনায় কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
