৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুয়েট ভিসি’র কৃতজ্ঞতা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুয়েট ভিসি’র কৃতজ্ঞতা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও ইক্যুপমেন্ট স্থাপনের জন্য ৫৯৯ কোটি ৩০ লক্ষ টাকার “ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প” শীর্ষক একটি সংশোধিত মেগা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ঢাকার শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেকের সভায় “রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প” -এর আওতায় ৩৪০ কোটি ১৩ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছিল এবং গত মঙ্গলবার প্রকল্পটি পুনরায় সংশোধিত আকারে একনেকে উপস্থাপন করা হয়। সভায় এই মেগা প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য পূর্বের ৩৪০ কোটি ১৩ লক্ষ টাকাসহ সংশোধিত প্রকল্পে ২৫৯ কোটি ১৭ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ অনুমোদন দেয়া হয়েছে। ফলে প্রকল্পের মোট বরাদ্দ ৫৯৯ কোটি ৩০ লক্ষ টাকায় দাঁড়ালো।

“রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প”-এর আওতায় রুয়েটে তিনটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ইন্সটিটিউট ভবন, দুটি ছাত্রহল ও দুটি ছাত্রীহল, বঙ্গবন্ধু হলের পাঁচতলা পর্যন্ত সম্প্রসারণ, একটি শিক্ষক ডরমেটরি, একটি স্টাফ কোয়ার্টার, মেডিক্যাল সেন্টার ভবন এবং উপাচার্যের বাসভবন নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় ১৪টি ভবনের ১১টি হবে ১০ তলা বিশিষ্ট।

এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণামূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন ল্যাবে অত্যাধুনিক ইক্যুপমেন্ট স্থাপন করা হবে। রুয়েটের উন্নয়নে এত বিপুল অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে রুয়েট বিশ্বের অত্যাধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।”

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন