আফগানিস্তানে বাংলাদেশি যাওয়ার বিষয়টি অমূলক বলে মন্দব্য স্বরাষ্ট্রমন্ত্রী
এফএনএস : তালেবানের দখলে থাকা আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, এটা বাস্তবসম্মত নয়। আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই।
এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে। মন্ত্রী বলেন, আফগানিস্তান আমাদের থেকে এক হাজার কিলোমিটার দূরে, আর সে দেশের সাথে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ থেকে কারও যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আফগানিস্তান থেকে আমাদের দেশের দূরত্ব এক হাজার মাইল। মাঝখানে আরও দেশ রয়েছে দুটি সুতরাং সেখান থেকে এখানে চলে আসবে- এ ধরনের চিন্তা করাটা অমূলক। দ্বিতীয়ত আমরা বলছি আপনারা যেটা মনে করছেন সেখানে আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের; তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয়-প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি।
কাজেই সেখানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার নির্দেশনায় আমরা কাজ করছি। অনেক বাংলাদেশি সেখানে গেছেন বলে আলোচনায় আসছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এগুলো অমূলক, এটা আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন তাদের সন্দেহটা সঠিক নয়। এটা যেতে হলে সবকিছু এখন বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গেছেন। আমার সেখানেই প্রশ্ন যে যারা বলছেন তারা হয়তো চিন্তা না করেই বাস্তবতার কথা না ভেবেই বলেছেন।
আফগান শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আফগান শরণার্থী রয়েছে এক হাজার মাইল দূরে। আমরা তো এমনই রোহিঙ্গা শরণার্থী, পাকিস্তান শরণার্থী নিয়ে আছি। কাজেই আফগান শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীরা শান্তি ভঙ্গে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর নামে দলের নেতাকর্মীরা শান্তি ভঙ্গের চেষ্টা করেছিল। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির মহানগরের দুই গ্রুপ উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাকর্মীরা শত শত লোকজন নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেখানে তারা উশৃঙ্খল হয়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে শতশত লোকজন জড়ো করে শান্তি ভঙ্গের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপরে বেধড়ক ইট পাটকেল ছুঁড়েছেন। যে কারণে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাস নিক্ষেপ করেছে। এর আগে, সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সে ঘটনায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন আহত হন।
