জাবিতে ভর্তি পরীক্ষায় আবেদন ৩ লাখ ৭ হাজার পরীক্ষার্থী

Paris
Update : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

এফএনএস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন তিন লাখ সাত হাজার ৯৭৮ পরীক্ষার্থী। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ বছরেও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ৯টি ইউনিটে জন্য পৃথকভাবে আবেদন ফরম পূরণ করতে হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখেই গত ২০ জুন থেকে ভর্তির আবেদন নেয়া শুরু হয়। একদফা মেয়াদ বাড়িয়ে যা শেষ হয় গত শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৮ হাজার ২০২ শিক্ষার্থী।

এ ছাড়া ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৪১ হাজার ৬৭৭, সি১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ৫৯ পরীক্ষার্থী। ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯, ই ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩, এফ ইউনিটে (আইন অনুষদ) ২৪ হাজার ২২০, জি ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আট হাজার ৮৬১, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ এবং আই ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন জমা পড়েছে ছয় হাজার ৭১০টি।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাতালিকায় কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে অর্থাৎ, ভর্তির আসনসংখ্যা এখনও নির্ধারিত হয়নি। পরীক্ষার সূচি এখনও নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হবে। এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল তিন লাখ ৫৯ হাজার ৯৬২টি।


আরোও অন্যান্য খবর
Paris