হালকা থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে
এফএনএস : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে হতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটা বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি। কখনো এর প্রবণতা বাড়ে, আবার কখনো কমে। মূলত মৌসুমি বায়ুর ওপর এটা নির্ভর করে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ। গত মঙ্গলবার ভোর ৬টা থেকে গতকাল বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৮৫ মিলিমিটার। আর ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া এ সময়ে নিকলীতে ৩৬, চট্টগ্রামে ২৬, সীতাকুণ্ডে ১৯, রাঙ্গামাটিতে ২৫, কুমিল্লায় ৩৬, কুতুবদিয়ায় ১৮, রাজশাহীতে ৭৩, বগুড়ায় ৪৫, বদলগাছীতে ১০, রংপুরে ৩০, তেঁতুলিয়ায় ৬৩, রাজারহাটে ১৭, বরিশালে ১৫, পটুয়াখালীতে ২১, ভোলায় ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
