২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘আগস্টে আসবে আরো ৫০ লাখ টিকা’

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১, ২:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
‘আগস্টে আসবে আরো ৫০ লাখ টিকা’
বিজ্ঞাপন

এফএনএস : আগস্ট মাসে দেশে আরও ৫০ লাখ করোনা ভাইরাসের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গত রোববার দুপুর সাড়ে ১২টায় অনলাইনে আয়োজিত এক ওয়েবমিনারে তিনি এ কথা জানান। জাহিদ মালেক বলেন, আমরা বিভিন্ন দেশ ও সংস্থার টিকা পাচ্ছি। এরইমধ্যে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রোজেনেকার টিকা পেয়েছি। মর্ডানার টিকা পেয়েছি, ফাইজারের টিকা পেয়েছি। ভারতের কাছে অ্যাস্ট্রোজেনেকার ২ কোটিরও বেশি টিকা পাওনা রয়েছে। চীনের সঙ্গে চুক্তি করে সিনোফার্মের অনেক টিকা পেয়েছি। এ মাসে ৫০ লাখ টিকা আসা নিশ্চিত হয়েছে।

হয়তো এর বেশিও আসতে পারে। ফাইজারের টিকাও এ মাসে আসার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে টিকা নেওয়ার চুক্তিতে আমরা আছি। সেখানেও আমাদের ১ কোটি টিকার অর্ডার দেওয়া আছে। এ ছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি টিকা পাওয়ার কথা রয়েছে। বিভিন্ন দেশে টিকা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, যেভাবে টিকা পাচ্ছি, তাতে আমরা ভালো একটা অবস্থানে থাকবো। আগামী ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে বয়স্কদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় ১৪ হাজার টিকা কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।

আশা রাখছি, প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে প্রায় ১ কোটি টিকা দিতে পারবো। আগামীতেও টিকা পাওয়া সাপেক্ষে আমাদের এ কার্যক্রম চলবে। জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্করা বেশি সংখ্যায় মারা যাচ্ছেন। কিন্তু টিকা নেয়ার হার তাদের মধ্যে কম। আগামী ৭-১২ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে পরিচালিত টিকাদান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে গ্রামে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিকা দেয়া হবে। এ ক্ষেত্রে বয়স্কদের প্রতি অধিক নজর দেয়া হবে। কারণ তাদের মৃত্যুহার বেশি এবং তারা টিকাও কম নিয়েছেন। তিনি বলেন, আমরা গ্রামে টিকা দেয়ার ব্যবস্থা করেছি। সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচিতে প্রায় ১৪ হাজার সেন্টারের মাধ্যমে সারা দেশে টিকা দেয়া হবে।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এক কোটি টিকা দিতে পারব বলে আশা করছি। আগামীতেও টিকাপ্রাপ্তি সাপেক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে টিকা পাওয়ার ব্যাপারে আলোচনা চলছে। আমরা যেভাবে টিকা পাচ্ছি, প্রতিশ্রুতি পাচ্ছে তাতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারব। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্যসেবা দেয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করছি।

কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটাও বলি হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কতটুকু ভর্তি আছে। তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়। তিনি বলেন, কীভাবে সংক্রমণ বৃদ্ধি পায় তা সকলেই জানে। আপনারা ফেরিতে দেখেন কীভাবে লোক আসে, দোকানপাটে কীভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের কেউ নেই। ডাক্তার-নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না।

সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে। তিনি আরও বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করে চলেছি এবং যতটুকু সম্ভব পালন করে যাবো। যেখানে পালিত হচ্ছে না সে বিষয়ে আপনারা (গণমাধ্যম) তাদেরকে প্রশ্ন করুন। গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গর্ভবতী মায়েদের আমরা টিকা দিতে চাই। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞ যে টিম রয়েছে, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্বসাস্থ্য সংস্থার গাইড লাইন আছে, সে অনুযায়ী গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার যথাযথ ব্যবস্থা নেবো।

ওয়েবমিনারের অন্যান্য বক্তারা মায়ের দুধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাদের মতামত উপস্থাপন করেন। ওয়েবমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন