২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চলতি বছরেই ৫ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
চলতি বছরেই ৫ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ
বিজ্ঞাপন

এফএনএস : চলতি বছরের মধ্যেই দেশের ৫ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। পাশাপাশি সরকার আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে গণহারে টিকাদান শুরু করা হয়েছে। মূলত করোনা প্রতিরোধে লকডাউনের বিকল্প হিসাবে সকলের জন্য টিকা কর্মসূচীতেই গুরুত্ব দিচ্ছে সরকার। ইতিমধ্যে বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন এ্যালায়েন্সের ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় ও টাকা দিয়ে মোট ১০ কোটি টিকার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।

ইতোমধ্যে চীনের সিনোফার্মের কেনা টিকা ও কোভ্যাক্স থেকে আসা টিকা দিয়েই গণটিকাকরণ কর্মসূচী বাস্তবায়ন শুরু করা হয়েছে। কোভ্যাক্স এবং চীন ছাড়াও জনসনের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে। সিঙ্গেল ডোজ ওই টিকা কিনতে পারলে আগামী বছরের মাঝামাঝি সময় দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা কিনতে অর্থ সংস্থান এবং করোনা পুরোপুরি নির্মূলে দুই বছরের পরিকল্পনা নেয়া হলেও ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা সংগ্রহের বিষয়টি অনেকটাই নিশ্চিত।

আশা করা যায় করোনার সংক্রমণ রোধ করা গেলে দ্রুতই দেশের অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক হয়ে আসবে। টিকা কার্যক্রম বেগবান করা গেলে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়াও সম্ভব হবে। ইতোমধ্যে উন্নত দেশগুলো টিকা কার্যক্রম জোরদার করায় সেখানকার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা ভাইরাসের টিকা কেনা এবং উৎপাদনে চলতি বাজেটে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ রাখা হয়েছে।

তাছাড়া জনজীবন সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর (ইপিআই) আওতায় ‘ন্যাশনাল ডিপ্লয়মেন্ট এ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান’ প্রণয়ন করেছে সরকার। করোনা প্রতিরোধে সরকার শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি টিকা কেনার চুক্তি করেছিল। বাংলাদেশ সরকার ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কিন্তু ওই চুক্তির মাধ্যমে সেখান থেকে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। আর ভারত সরকার বাংলাদেশকে উপহার দিয়েছিল ৩২ লাখ ডোজ।

ভারতের সেরাম থেকে এখনো ২ কোটি ডোজ পাওনা আছে। ভারতে সংক্রমণ কমে যাওয়ায় আগামী মাসে চুক্তির বাকি টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও বর্তমানের সঙ্কট মেটাতে সেরামের বিকল্প হিসেবে চীনের সঙ্গে ২ কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। কোভ্যাক্স থেকে বাংলাদেশের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। টিকা নিয়ে সব পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ভ্যাকসিন হাতে আসবে।

তাতে নতুন করে আরো সাড়ে ৫ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে। একইসঙ্গে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সিঙ্গেল ডোজের জনসন এ্যান্ড জনসনের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জনসনের টিকা কিনতে পারলে আগামী বছরের এই সময়ের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকাকরণে আওতায় নিয়ে আসা যাবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে কোভ্যাক্সের কাছে জনসনের টিকা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে।

করোনা ভাইরাসের টিকা কিনতে আগামী দুই বছরে ২৫ হাজার কোটি টাক ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চলতি ২০২১-’২২ অর্থবছরে ১৪ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বাকি টাকা ১০ হাজার ৮০০ কোটি টাকা ২০২২-’২৩ অর্থবছরে ব্যয় করা হবে। চলতি অর্থবছরে টিকা এবং করোনার জরুরি চিকিৎসা সরঞ্জামাদি কিনতে বাজেটে আরো ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর (ইপিআই) আওতায় ‘ন্যাশনাল ডিপ্লয়মেন্ট এ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। ওই কর্মসূচীর আওতায় গত ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচী সফলভাবে শুরু করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশের সবাইকে বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন দেয়া হবে। তবে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ টিকা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাংক ও এআইআইবি’র অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এ্যান্ড প্যানডামিক প্রিপার্ডনেন্স প্রকল্প চলমান রয়েছে।

ওই প্রকল্প হতে টিকা ক্রয়, অক্সিজেন লাইন স্থাপন, আইসিইউ-সিসিইউ স্থাপন এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়। দেশের সবাই যাতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পায় সেজন্য সরকারিভাবে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন বাঁচানো গেলে দ্রুত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আবার গতি ফিরে আসবে। ওই কারণেই দেশের সকল নাগরিক টিকা পাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন