গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ
এফএনএস : গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম, ঈদ বোনাস ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্টাইল ক্র্যাফটের শ্রমিকরা। একই দাবি নিয়ে গত তিন দিন ধরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই আন্দোলন করে তাদের বেতন আদায় করতে হয়। কারখানার শ্রমিক ও স্টাফরা জানান, ষ্টাইল ক্রাফটে প্রায় চার হাজার শ্রমিক ও ৭০০ অন্যান্য স্টাফ রয়েছেন।
চলতি মাসের অর্ধেক পেরিয়ে গেলেও গত জুন মাসের বেতন এবং ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সবাই একত্র হয়ে বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এরপরও কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। কারখানার সুইং অপারেটর মর্জিনা আক্তার জানান, কারখানার শ্রমিদের জুন মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ দেয়া হলেও কর্তৃপক্ষ এখনও তা পরিশোধ করেনি।
