রাজধানীতে মলম পার্টির ৫ সদস্য গ্রেপ্তার
এফএনএস : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. সাগর সৌরভ (২২), মো. সেলিম (২৩) ও মো. সালমান (২১)। তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধ, মলম, দৃষ্টিভ্রম করার টাইগার বাম ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় চেতনানাশক ট্যাবলেট ও অন্যান্য চেতনানাশক নিয়ে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, চক্রটির মূল টার্গেট থাকে দূর-দূরান্তের যাত্রীরা।
তারা এসব যাত্রীর সঙ্গে বাস, রিকশা-ভ্যান বা সিএনজিতে চলাচলের সময় সাধারণ যাত্রীর পাশাপাশি অবস্থান করে এবং সুযোগমতো চেতনানাশক ওষুধ, মলম, দৃষ্টিভ্রম করার টাইগার বাম দিয়ে যাত্রীদের অজ্ঞান করে বা চোখে দিয়ে সাময়িক অন্ধত্ব বা দৃষ্টিভ্রমের সৃষ্টি করে।
এরপর চক্রের অন্যান্য সহযোগী ওই ভুক্তভোগীর কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল, অলংকার ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। ঈদকে কেন্দ্র করে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে।
