ঈদে পুলিশ সদস্যদের বাড়ি ফিরতে বিশেষ বাস সার্ভিস
এফএনএস : বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরাতে ‘বিশেষ বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দপ্তর জানায়, সরকারি ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে বাংলাদেশ পুলিশের এ বাস সার্ভিস চলবে।
প্রাথমিকভাবে ঢাকা-খুলনা, ঢাকা-সিলেটে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে বাস যাবে। চাহিদার ভিত্তিতে অন্যান্য রুটেও এ সার্ভিস চালু হবে। বাসগুলো ঢাকার পুলিশ সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন্স এবং মিরপুরের পিওএম থেকে দেশের বিভাগীয় শহরগুলোর উদ্দেশে ছেড়ে যাবে।
বাসে শুধুমাত্র পুলিশ সদস্য, তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা বাড়ি ফিরতে পারবেন। বাসের সিট বুকিং ও টিকিটসহ বিস্তারিত জানতে ০১৩২০ ০০ ১৭ ৪০ ও ০১৫১৬ ১৭ ১২ ৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ।
