স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বজনের জানাজা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তসলিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার ছেলে নয়ন (২২) গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, স্বজনের জানাজা শেষে ফিরছিলেন তসলিম উদ্দিন ও তার ছেলে নয়নসহ কয়েকজন।
পথিমধ্যেই প্রতিবেশী প্রতিপক্ষ আবদুল কাদের মিনুর সঙ্গে তার দেখা হয়। প্রতিপক্ষ মিনু জমি নিয়ে তসলিম উদ্দিনকে কটু বাক্য শোনালে তাদের বাকবিতণ্ডা হয়। মিনুর বাড়ির পাশে হওয়ায় সে তার লোকজন নিয়ে তসলিম উদ্দিন ও তার ছেলের ওপর হাসুয়া ও চাকু দিয়ে হামলা চালান। এতে তসলিম ও তার ছেলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ওসি আরও জানান, আহত দুজনকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তসলিমকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় প্রতিপক্ষেরও একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়ার বিষয়ে ওসি বলেন, হামলাকারী মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা হবে।