রূপগঞ্জে অগ্নিকাণ্ড লাশ শনাক্তে ৬০ জনের নমুনা
এফএনএস : নারায়ণগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে তৃতীয় দিনের মতো স্বজনদের নমুনা সংগ্রহ চলছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য দুইজনের বিপরীতে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন বলেন, গতকাল রোববার তৃতীয় দিনের মতো আমরা নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ভিকটিমদের স্বজনদের ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছি। তিনদিনে আমরা ৪২ জন ভিকটিমের বিপরীতে ৬০ জনের নমুনা সংগ্রহ করেছি।
নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাবা-মা ও সন্তানদের অগ্রাধিকার দিচ্ছি। তিনি বলেন, আমরা আগেও বলেছি নিহতরা এক্সট্রিম পর্যায়ের দগ্ধ ছিলেন। যার কারণে তাদের দাঁত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে। এ কারণে ডিএনএ পরীক্ষা করতে সময় লাগছে। ভিকটিমদের টিস্যু পুড়ে যাওয়ার কারণে আমরা সংগ্রহ করতে পারিনি। টিস্যু সংগ্রহ করতে পারলে এ প্রক্রিয়াটি সহজ হতো। কতদিন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী আরও দুই/এক দিন ঢাকা মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করা হবে।
এরপরও ভিকটিমদের স্বজনরা নমুনা দিলে তা সংগ্রহ ঢাকা মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে আমাদের নিজস্ব কার্যালয়ে স্থানান্তর করবো। গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে।
এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।
