পশুর হাটে জাল টাকা শনাক্তে ব্যাংকের বুথ
এফএনএস : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলো নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক অনুমোদিত পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় থাকবে ২১টি ব্যাংকের বুথ।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়, দেশের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আপনাদেরকে নির্দেশনা দেয়া হলো।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে হাট শুরুর দিন হতে ঈদের আগের রাত পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত তফসিলি ব্যাংকগুলোর তালিকা সংযুক্ত করা হয়।
