স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা (কোভিড-১৯) ইউনিটে একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন মারা যাওয়াদের ১৪ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের ১ জন করে মোট ৩ জন এবং নওগাঁর ৫ জন।
এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী। মারা যাওয়াদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের উপরে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন।
এর মধ্যে রাজশাহীর ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭, নাটোরের ৪, নওগাঁর ৪, পাবনার ১, কুষ্টিয়ার ১ ও জয়পুরহাটের ২ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। আর করোনায় থাকা ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬২ জন। এদের মধ্যে রাজশাহীর ৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬, নাটোরের ৩৫, নওগাঁর ৪৩, পাবনার ১৬, কুষ্টিয়ার ৫, চুয়াডাঙ্গার ১, জয়পুরহাটের ১, দিনাজপুরের ১ ও মেহেরপুরের ১ জন।
এছাড়াও একই সময়ে রাজশাহীতে নমুনা পরীক্ষার ফলাফল মোতাবেক একদিনের ব্যবধানে আবারও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪০৬ নমুনা পরীক্ষায় ১৬২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৪ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৯০ শতাংশ।
যা আগের দিন মঙ্গলবার ছিল ৩২ দশমিক ০৬ শতাংশ। ল্যাব সূত্র জানায়, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পৃথক দুইটি ল্যাবে তিন জেলার ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ২৪৮ জনের। রাজশাহী জেলা ছাড়াও অপর দুই জেলার মধ্যে চাঁপাইনবাগঞ্জের ২৯ জনের নমুনার মধ্যে ১১টি আর নওগাঁর ১১৮ নমুনার মধ্যে ৭৫ জনের করোনাভাইরাস পাওয়া যায়।