বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জমিতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আলতাফ হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আলতাফ হোসেন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে পাট কাটতে বাড়ির পাশের জমিতে যায় আলতাফ হোসেন।
এ সময় প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল। বেলা সাড়ে ১০ টার দিকে বজ্রপাত হয়। এ সময় কৃষক আলতাফ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই থাকা কয়েকজন কৃষক দেখতে পেয়ে সেখানে ছুটে আসেন এবং তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এই বজ্রপাতের ঘটনায় কোন ব্যক্তি আহত হননি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
